রোকসানা আক্তার রুজিকে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের ফুলেল শুভেচ্ছা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করায় রোকসানা আক্তার রুজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাব।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কলাপাড়া মহিলা কলেজ রোডে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের নেত্রীরা রোকসানা আক্তার রুজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর এ অর্জনে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের সহসভানেত্রী সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক নোমিতা দত্ত , নার্গিস আক্তার, পিয়ারা বেগম, অর্থ উপদেষ্টা কানিজ ফাতেমা বেবি এবং ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যরা।

এ সময় রোকসানা আক্তার রুজি বলেন, “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার এ অর্জনে আমাকে সম্মাননা, ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করায় কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “এ সম্মাননা আমার জন্য অত্যন্ত মূল্যবান। এটি ভবিষ্যতে মানবতার সেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও সম্মানই মানবসেবার পথে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। আগামীতেও দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন রোকসানা আক্তার রুজি। তাঁর এ অর্জনে স্থানীয় মহলে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *