রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটির বাড়ির সামনের খালে কচুরিপানার মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাঁরা খালের কচুরিপানা সরিয়ে একটি ব্যাগের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে কলাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শিশু রায়হান বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির উঠানে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে তাঁরা শিশুটিকে আর খুঁজে পাননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিখোঁজ শিশু রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।




