মাদকমুক্ত প্রজন্ম গড়তে কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্ট

রাসেল মোল্লা, কলাপাড়া : মাদকমুক্ত আগামী প্রজন্ম গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় বিরামহীনভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদ।এরই ধারাবাহিকতায় নীলগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদের আয়োজনে অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর ফেরিঘাট এলাকার বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি মো. আবু তালেব ইভান মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির জুয়েল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা প্রমুখ।

আমন্ত্রিত অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের গেমে আসক্তি থেকে দূরে রাখতে প্রিয়জন কল্যাণ পরিষদ ধারাবাহিকভাবে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।সংগঠনটির সভাপতি আবু তালেব ইভান মাতব্বরের এমন সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে এমন উদ্যোগী ব্যক্তি ও সংগঠন থাকলে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন আরও সহজ হবে।টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় হানজালা ফাইটার্স ও ভাই ভাই স্টার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভাই ভাই স্টার্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হানজালা ফাইটার্স।খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *