রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত মানেই বিস্তীর্ণ বালুচর, সাগরের ঢেউ আর সূর্যোদয়-সূর্যাস্তের মনোরম দৃশ্য। তবে সমুদ্রসৈকতের বাইরেও পর্যটননগরী কুয়াকাটায় রয়েছে প্রকৃতির ভিন্নধর্মী সৌন্দর্যের বেশ কিছু আকর্ষণীয় স্থান। এর মধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত একটি স্থান।
নামটির সঙ্গে সুইজারল্যান্ডের পাহাড়ি উপত্যকার সৌন্দর্যের উপমা টানা হলেও স্থানটির নিজস্ব প্রাকৃতিক পরিবেশ ও সবুজের সমারোহ পর্যটকদের আকৃষ্ট করছে। চারপাশের সবুজ প্রকৃতি, খোলা আকাশ ও নিরিবিলি পরিবেশ মিলে এখানে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। সমুদ্রের কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আগ্রহী পর্যটকদের জন্য এটি হতে পারে নতুন অভিজ্ঞতা।
কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকেরা সাধারণত সমুদ্রসৈকত, ঝাউবনসহ পরিচিত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। এর পাশাপাশি মিনি সুইজারল্যান্ডের মতো ব্যতিক্রমী স্থান কুয়াকাটার পর্যটন আকর্ষণে নতুন মাত্রা যোগ করতে পারে। এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ, ছবি তোলা এবং পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে।
যেভাবে যাবেন মিনি সুইজারল্যান্ডে
কলাপাড়া থেকে মিনি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য রয়েছে বিকল্প সড়কপথ। আন্দারমানিক নদীর উপর নির্মিত কলাপাড়া সেতুর জিরো পয়েন্ট থেকে বাড়াটে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা কিংবা নিজস্ব যানবাহনে যাত্রা শুরু করা যায়।
কুয়াকাটায় যাওয়ার বিকল্প সড়ক কলাপাড়া-বালিয়াতলী সড়ক ব্যবহার করে টোল মুক্ত শহীদ নজরুল ইসলাম সেতু পার হয়ে বালিয়াতলী ইউনিয়ন ও দুলাসর ইউনিয়নের মধ্য দিয়ে যেতে হবে। এরপর মৎস্যবন্দর ধোলাই মার্কেট হয়ে সহজেই পৌঁছানো যাবে মিনি সুইজারল্যান্ডে। এ পথে যানবাহন চলাচলের ব্যবস্থাও ভালো থাকায় পর্যটকেরা তুলনামূলক সহজে সেখানে যাতায়াত করতে পারবেন।
স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে হলে সমুদ্রসৈকতের পাশাপাশি আশপাশের আকর্ষণীয় স্থানগুলোকেও পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে হবে। এসব স্থানের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।
তবে পর্যটন আকর্ষণ ধরে রাখতে পরিবেশ সংরক্ষণ জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করা এবং স্থানটির সৌন্দর্য অক্ষুণ্ন রাখার দায়িত্ব পর্যটকসহ সংশ্লিষ্ট সবার।
সমুদ্রের বিশালতা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে কুয়াকাটা হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। আর সেই সম্ভাবনার গল্পে নতুন করে জায়গা করে নিচ্ছে ‘মিনি সুইজারল্যান্ড’।




