নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ আগস্ট)। ২০১২ সালের এই দিনে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, দর্শন ও রাজনৈতিক কার্যক্রম প্রচার-প্রসারে কাজ করে আসছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া যৌথ বিবৃতি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহীন চৌধুরী পাশা সংগঠনের সকল নেতা-কর্মী, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সাইবার যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতেতে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি জনমত গঠন, তথ্য আদান-প্রদান এবং রাজনৈতিক যোগাযোগের অন্যতম কার্যকর মাধ্যম। এ বাস্তবতায় দায়িত্বশীল, তথ্যনির্ভর ও ইতিবাচক ডিজিটাল কার্যক্রম পরিচালনার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, কর্মসূচি ও আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দলকে ঘিরে প্রচারিত মিথ্যা তথ্য, অপপ্রচার, গুজব ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব প্রদান এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে সাধারণ সম্পাদক এম জে সৌরভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি। তথ্য যাচাই করে মতামত প্রকাশ, শালীনতা বজায় রাখা এবং যুক্তি ও তথ্যের ভিত্তিতে জনমত গঠনে ভূমিকা রাখার জন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সাধারণ সম্পাদক মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরে শাহীন চৌধুরী পাশা বলেন, সত্য, বস্তুনিষ্ঠতা, শৃঙ্খলা, প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিকতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা, দায়িত্বশীল অনলাইন কার্যক্রম পরিচালনা এবং দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ডিজিটাল উদ্যোগ গ্রহণে গুরুত্ব দেওয়া হবে।
বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল নেতা-কর্মী, উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও সমর্থকদের অব্যাহত সহযোগিতা, ত্যাগ ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




