রাসেল মোল্লা, কলাপাড়া: দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা মহিলা দল। কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ওই দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।
জেলা মহিলা দল সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রী মোসা. হামিদা বেগম জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে দলীয় কার্যক্রম চলাকালে সাবিনা ইয়াসমিন বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তিনি অভিযোগকারী হামিদা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ডলি ফাতিমা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের সঙ্গে অশোভন আচরণ করেন।
এ ঘটনায় কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা মহিলা দল। নোটিশে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ তিন কার্যদিবসের মধ্যে জেলা মহিলা দলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়।
জেলা মহিলা দলের ২৯ অক্টোবরের চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব না দিয়ে সময়ক্ষেপণ করেন সাবিনা ইয়াসমিন। পরে তিনি লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর সব পর্যায়ের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, পটুয়াখালী জেলা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি এবং কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রীর কাছে পাঠানো হয়েছে।
তবে জেলা মহিলা দলের চিঠিতে সাবিনা ইয়াসমিনকে দল থেকে বহিষ্কারের কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। তাঁর কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।




