রাসেল মোল্লা, কলাপাড়াঃ ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর মধ্যরাত থেকে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে ইলিশ শিকারে নামতে পারবেন জেলেরা। দীর্ঘ বিরতির পর আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় এলাকার জেলেরা।
এদিকে নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার পুরো সময় যাতে কোনো জেলে আইন অমান্য করে ইলিশ শিকার করতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন যাতে কোনো জেলে অবৈধভাবে ইলিশ শিকার করতে না পারেন, সে জন্য আমরা নিয়মিত টহল দিচ্ছি। নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
মৎস্য বিভাগ মনে করছে, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের ফলে ইলিশের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে জেলেদের সরকারি নির্দেশনা মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় থাকা জেলেরা এখন নদী ও সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। নিষেধাজ্ঞা উঠে গেলে নতুন উদ্যমে ইলিশ আহরণের মাধ্যমে তাঁদের জীবিকায় স্বস্তি ফিরবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।




