মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাধবখালি ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম মোঃ রুবেল জোমাদ্দার (২৮)। তিনি মাধবখালি ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামের মোঃ বজলু জোমাদ্দারের ছেলে ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে  ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনির মজুমদার।

নিহতের বড় ভাই মোঃ আল আমিন জোমাদ্দার জানান, সোমবার দুইটার দিকে রুবেল জোমাদ্দার বাবার সাথে বাড়ির পাশে বাগানে একটি মেহগনি গাছ কাটতে যান।গাছটি কাটা শেষে নিচে পড়ার সময় অসাবধানতাবশত  রুবেলের মাথায় আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় নেওয়ার পথে নতুল্লাবাদ নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ জানান, রুবেল জোমাদ্দার ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে একজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তৌহিদুজ্জামান বলেন, মাধবখালী ইউনিয়নে গাছ কাটতে গিয়ে রুবেল জোমাদ্দার নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার সকাল দশটায় জানাজার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *