শানু বেগমের ঘরে ফেরার উদ্যোগে দুই ইউএনওর সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল ‘পাশে দাঁড়াই’

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগমকে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগে সহযোগিতা করায় কলাপাড়া ও ঝিকরগাছার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুই উপজেলা প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতায় একজন পথভোলা অসহায় নারী তাঁর আপন ঠিকানায় ফিরতে পেরেছেন।

সংগঠনটির পক্ষ থেকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। শানু বেগমের পরিচয় ও পারিবারিক ঠিকানা শনাক্ত করা থেকে শুরু করে তাঁকে নিজ এলাকায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ জন্য তিনি যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন।

একইভাবে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। কলাপাড়ার ইউএনওর কাছ থেকে বিষয়টি জানার পর তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শানু বেগমের পরিচয় ও পারিবারিক ঠিকানা নিশ্চিত করার উদ্যোগ নেন। পরে তাঁকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করেন।

গতকাল সোমবার শানু বেগম নিজ বাড়িতে ফিরে যান। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাঁর প্রতিবেশী রোজিনা বেগম তাঁকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে শানু বেগমের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে খাদ্যসহায়তার ব্যবস্থা করেন ইউএনও এম. সাইফুল্লাহ। পাশাপাশি তাঁর বয়স্ক ভাতা চালু করা এবং বসবাসের ঘরটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইনকে (নয়ন) মুঠোফোনে বলেন, ‘ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে শানু বেগম তাঁর আপন ঠিকানায় ফিরে আসতে পেরেছেন। আমরা প্রাথমিকভাবে তাঁর জন্য খাদ্যসহায়তার ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে তাঁর অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একজন অসহায় ও পথভোলা মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল ভূমিকার কারণে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

‘পাশে দাঁড়াই’ মনে করে, সরকারি প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং মানবিক দায়িত্ববোধ থাকলে সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হয়। শানু বেগমের ঘরে ফেরার ঘটনা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *