কলাপাড়ার নীলগঞ্জে মাদকের আগ্রাসন, হাত বাড়ালেই মিলছে নেশার সামগ্রী

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা কিংবা চোলাই মদ। মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে তরুণ ও যুবসমাজ। বেকারত্বের হতাশার পাশাপাশি মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে। মাদককে কেন্দ্র করে আত্মহত্যা, হত্যাকাণ্ড, ছিনতাই ও হামলার মতো ঘটনাও ঘটছে ।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ আবাসন, সুলতানঞ্জ, নীলগঞ্জ ফেরিঘাট, মাস্টারবাড়ি, ফরিদগঞ্জ, বাইনতলা ও কুমিরমারা এলাকায় মাদকের বিস্তার তুলনামূলক বেশি। নিয়মিত মাদকবিরোধী অভিযান ও নজরদারির অভাবে মাদক কারবারিরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বীরদর্পে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরিতে জড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের বাড়ি থেকে ডাব, কলা, পেঁপেসহ বিভিন্ন ফলমূল ও গৃহস্থালি সামগ্রী চুরির ঘটনাও ঘটছে। পাশাপাশি স্কুল-কলেজে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো ঘটনাও ঘটেছে।

অভিযোগ রয়েছে, নীলগঞ্জ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই মাদক কারবারিদের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। নীলগঞ্জ আবাসন, নীলগঞ্জ ফেরিঘাট, মাস্টারবাড়ি, ফরিদগঞ্জ, বাইনতলা, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া, ফতেহপুর, মজিদপুর, হাজীপুর ও মস্তফাপুরসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে পুরো ইউনিয়নজুড়েই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে।

সমাজসেবক ও প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে প্রশাসনের নজরদারি ও তৎপরতা আরও বেশি প্রয়োজন। প্রথমে মাদকের বড় কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপর মাদকসেবীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সচেতন মহলের মতে, শুধু মাদকসেবীদের আটক করলেই এ সমস্যার সমাধান হবে না। মাদকের মূল সরবরাহকারী ও কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবু তালেব বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। বিট পুলিশিং সভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তাদের গোপনে থানায় মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানাই। তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেও মানুষকে উদ্বুদ্ধ করছি। আপনার উল্লেখ করা এলাকাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

নীলগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *