উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও বিশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহারখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মিজানুর রহমান (৩৪)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনােহারখালী গ্রামের আব্দুল মজিদ আকনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ কাওসার আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মিজানুর রহমান পেশায় একজন মাদক ব্যবসায়ী। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে পুলিশ মিজানুর রহমানের বসত ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৩ পিস ইয়াবা ও বিশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকসহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।




