ক্লিন কলাপাড়া গ্রিন কলাপাড়ার মাধ্যমে দেয়ালে ফুটে উঠছে ইতিহাস-ঐতিহ্য

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র। ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ প্রকল্পের উদ্যোগে কলাপাড়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে থানা পর্যন্ত সড়কের পাশের দেয়ালগুলো সাজানো হচ্ছে নান্দনিক চিত্রকর্মে। এসব চিত্রে তুলে ধরা হচ্ছে কলাপাড়ার ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ বিকেলে দেয়ালে ফুটিয়ে তোলা এসব চিত্রকর্ম ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ প্রকল্পের উদ্যোক্তা ও তরুণ সমাজসেবক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, সমাজসেবক নাসির উদ্দিন রতন, বিআরডিপির চেয়ারম্যান ফোরকান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের উদ্যোগে দেয়ালজুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে কলাপাড়ার পরিচিতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা চিত্র। এর মাধ্যমে শহরের দেয়ালগুলোকে দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দেয়ালচিত্রগুলো স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে কলাপাড়ার ঐতিহ্যকে নতুনভাবে পরিচিত করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ে তোলার পাশাপাশি জনপরিসরকে নান্দনিক করে তোলার এ কার্যক্রম স্থানীয়ভাবে গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *