কলাপাড়ায় পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাজজুনিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে রিয়াজ মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রিয়াজ মৃধাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা। এরই ধারাবাহিকতায় বিরোধ চরমে পৌঁছালে শনিবার সন্ধ্যায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।

আহতের ছোট ভাই জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় রিয়াজ মৃধা কলেজ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বালুর মাঠ এলাকায় পৌঁছালে মোস্তফা মৃধা, মামুন মৃধা, জাফর মৃধা ও আউয়াল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিয়াজের মাথার পেছনে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীরা তার বুক ও পিঠে লাথি মেরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে চলে যান বলে অভিযোগ করেন তার ভাই।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।আহত রিয়াজ মৃধা ধানখালী ইউনিয়নের পাজজুনিয়া গ্রামের কাদের মৃধার ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *