উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি এবারে এইচএসসি পরীক্ষার্থী (১৬)। বরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে।তিনি এর আগে একটি বিয়ে করেছেন। বিষয়টি গোপন রেখে এই কিশোরীকে বিয়ে করতে আসেন।
শুক্রবার মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিয়ের আয়োজন বন্ধ করে দেন। বরকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন,বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




