কলাপাড়ায় তৃণমূলের ১২ নারী পেল পুকুরে মৎস্য চাষের উপকরণ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূলের ১২ জন নারী পেল গৃহস্থালি পুকুরে মৎস্য চাষের উপকরণ। সোমবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপকারভোগী মৎস্য চাষী নারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে মৎস্য উপকরণ তুলে দেন কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবী পরিবারের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর অধীনে পুকুরে মৎস্য চাষ প্রদর্শনী প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের ১২ জন নারী প্রত্যেককে ১ বস্তা খৈল, ৬ বস্তা মাছের খাবার, ১০ টি গাছের চারা, ৫ প্যাকেট সবজির বীজ, ১ কয়েল জাল ও ২০০০ পিস করে মাছের পোনা বিতরণ করা হয়েছে।

উপজেলার চম্পাপুর ইউনিয়নের উপকারভোগী মৎস্য চাষী মোসা. জাহানারা বেগম (৪২) বলেন, ‘অভাব অনটনের মধ্য দিয়ে কোনভাবে সংসার চলছিল। এরপর মৎস্য চাষ প্রশিক্ষণ পেয়ে বাড়ির পুকুরে মৎস্য চাষ শুরু করি। মৎস্য অফিসের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে প্রথম বছরেই সব খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখি। এতে মৎস্য চাষে অনেকটা সাহস পাই। আজ আবার অফিস থেকে বিনামূল্যে অনেক মৎস্য চাষ উপকরণ পেয়েছি। কোন রকমের রোগ কিংবা দুর্যোগ না হলে আশা করছি মাছ বড় হলে বিক্রি করে ভালো দাম পাবো।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অধীন ১২ ইউনিয়নের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া আরও ২টা অল মেইল গলদা চিংড়ী চাষ প্রদর্শনী ও ২টা কার্প জাতীয় মাছ
প্রদর্শনী জন্য ১টা এয়ারেটর, ২ বস্তা চুন এবং প্রয়োজনীয় চিংড়ি রেনু মাছের পোনা সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *