পটুয়াখালী-১ আসনের আওতাধীন দুমকি উপজেলা, পটুয়াখালী সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং পটুয়াখালী পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।
একই সঙ্গে এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন-কে কেন্দ্রীয় দপ্তর থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
চিঠিতে কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে, আবার অনেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন।




