কুয়াকাটায় জলোচ্ছ্বাসে ৪ কোটি টাকার মেরিনড্রাইভ সড়ক ধ্বসে যাওয়ায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে অস্বাভাবিক জলোচ্ছ্বাসে কুয়াকাটায় সদ্যনির্মীত ৪ কোটি টাকার মেরিনড্রাইভ ধ্বসে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে সড়কটি ধ্বসের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আজ শুক্রবার কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেককে আহ্বায়ক করে এই কমিটি গঠণ করা হয়েছে। যেখানে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী, কলাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম এই কমিটি গঠণ করেছেন। আগামি ৭ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কমিটি গঠনের চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে,সমুদ্র সৈকত সংলগ্ন নির্মানাধীন রাস্তাটি খুবই দৃষ্টিকটুভাবে ভেঙে পড়েছে। রাস্তাটির নির্মাণ কাজ খুবই নিম্নমানের। লোকাল বালি আর পাতলা সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তাটির কাজ সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে। নির্মাণের প্রাক্কলনে কোন ধরনের সম্ভাব্যতা যাচাই করা হয়নি মর্মে প্রতীয়মান হয়েছে। স্থানীয়ভাবে জনগণ, গণমাধ্যম তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও উক্ত প্রকল্প কমিটি ও তৎকালীন পৌর কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি।

এর আগে, কুয়াকাটা সৈকতের শূণ্যপয়েন্টের পূর্বদিকে এবং ট্যুরিজম পার্ক থেকে পূর্বদিকে তিনটি প্যাকেজে মোট দুই কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেন বিগত সরকারের সময় থাকাকালীন মেয়র আনোয়ার হাওলাদার। প্রথম দফায় ১৩ শ’ মিটার অংশের কাজ সম্পন্নের চেষ্টা করেন। বাকি ৭০০ মিটারের কাজ শুরু হয়নি। কিন্তু হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার সাগরের অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে সড়কটির দুই তৃতীয়াংশ বিধ্বস্ত হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হয়। এতে সমালোচনার পাশাপাশি দোষারোপ করা হয় সাবেক মেয়র আনোয়ার হাওলাদার কে।

তবে অপসারিত মেয়র আনোয়ার হাওলাদার জানান,ওই প্রকল্পটি যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার দিয়ে কাজ শুরু করা হয়েছে। কেবল সিসি কাজ চলমান রয়েছে। এরপর আরসিসির কাজ হওয়ার কথা। ঢেউয়ের ঝাপটা ঠেকাতে গাইডওয়াল করার ডিজাইন রয়েছে। আর বিল তোলা, কত তোলা হয়েছে, এসব বিষয় প্রকৌশলীরা বলতে পারবেন। তবে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে মোট ৬৩ লাখ টাকার বিল ঠিকাদারকে প্রদান করা হয়েছে।

সাগরঘেষা সড়ক বিধ্বস্তের বিষয় কথা বলতে কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী নিয়াজুর রহমান কে মোবাইল করলে তিনি রিসিভ করেননি। তবে

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম জানান, গোটা বিষয়টি তদন্ত কমিটি মতামত দিলে পরিষ্কারভাবে বলা যাবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *