উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী) :
মির্জাগঞ্জে খালা বাড়ি বেড়াতে এসে বখাটেদের মারধরে নিহত কিশোর সিয়াম হত্যা মামলার এজাহার ভুক্ত ৩ নম্বর আসামি শুভ সিকদারকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রংপুর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শুভ সিকদার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামের মো. জালাল সিকদারের ছেলে।
নিহত সিয়াম পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালি গ্রামের আব্দুল বাসেত তালুকদারের ছেলে।
গত ২৩ ডিসেম্বর বিকালে সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় বালুর মাঠে এ ঘটনাটি ঘটে।
এই ঘটনায় ২৪ ডিসেম্বর নিহতের পিতা আব্দুল বাসেত তালুকদার তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ এজাহার ভুক্ত আসামি তিনজনকেই গ্রেপ্তার করেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, কিশোর সিয়াম হত্যা মামলার তিন নম্বর আসামি শুভ সিকদারকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরদিন ২৪ ডিসেম্বর এজাহারভুক্ত অন্য দুজন আসামি রাইয়ান ও রাশেদকে ঢাকার যাত্রাবাড়ী ধোলাইপাড় থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,২৩ ডিসেম্বর সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে। বিকালে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যায়। এ সময় কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা বখাটে রাইয়ানের সাথে তাদের কথার কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে রাইয়ান ও তার সহযোগী রাশেদ এবং শুভ তাদেরকে স্থানীয় বালুর মাঠে নিয়ে মারধর করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষণা করেন এবং গুরুতর আহত আব্দুল্লাহ আল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ অবস্থা দেখে বখাটেরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।




