কলাপাড়ায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামাল কাজল তালুকদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জহুরুল নবী। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। জলাশয়গুলোতে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এর ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *