রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট তীব্র আকার ধারণ করেছে। বিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এর প্রভাব পড়ছে শিক্ষার পরিবেশ ও মানের ওপর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসব পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকলেও তা পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় সংকট আরও প্রকট হচ্ছে। ফলে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক শ্রেণি ও বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হয়ে পড়ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে জানা গেছে, সাধারণত একজন শিক্ষকের সপ্তাহে ১৫ থেকে ১৭টি ক্লাস নেওয়ার কথা থাকলেও শিক্ষকসংকটের কারণে অনেককে ২৫ থেকে ২৭টি ক্লাস নিতে হচ্ছে। অতিরিক্ত ক্লাসের চাপে শিক্ষকদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত ক্লাস না পাওয়ায় শিক্ষার্থীদের অনেকে কোচিং সেন্টার ও ইউটিউবের পাঠের ওপর নির্ভর করছে।
বিদ্যালয়ভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে দুটি, সামাজিক বিজ্ঞানে তিনটি এবং জেনারেল ইলেকট্রিক্যাল বিষয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমিতে আইসিটি এবং চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।
চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ সমাজবিজ্ঞান, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, শরীরচর্চা, চারু ও কারুকলা এবং সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। মধ্যটিয়াখালী এ কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।
লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক এবং ল্যাব অপারেটরের পদ শূন্য রয়েছে। উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়েও সহকারী প্রধান শিক্ষকসহ রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে।
পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান, বাংলা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য। ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে।
পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। মহিপুর কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য। ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। মুসল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, সহকারী প্রধান শিক্ষক, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষক নেই।
আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, বিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। ধানখালী এস এইচ অ্যান্ড আশরাফ একাডেমিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।
এ ছাড়া ধানখালী গাজী এ মান্নান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গণিত, ভৌতবিজ্ঞান, আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। শিশু পল্লী একাডেমিতে আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। তুলাতুলি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে পদ শূন্য। ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। চরচাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে। হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। একজন শিক্ষককে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
অভিভাবক ও প্রভাষক আবু তালেব ইভান বলেন, প্রতিটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া সরকারের দায়িত্ব। পাশাপাশি শিক্ষকেরা যাতে প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভরশীল না হন, সে বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ইতিমধ্যে শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, সেখান থেকে শিক্ষক পাওয়া যাবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। প্রতিষ্ঠানপ্রধান না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। সেখান থেকেও প্রতিষ্ঠানপ্রধান পাওয়া যাবে।
তিনি আরও বলেন, নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাই নিবন্ধন ছাড়া শিক্ষক নিয়োগের সুযোগ নেই। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য পদগুলোতে শিক্ষক পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।
সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়গুলোর শূন্য পদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষকসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়ে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।




