সাশ্রয়ী মূল্যে ১,০৬০ টাকায় মাসিক বাজার, বাসন্তী মণ্ডল বিদ্যালয় মাঠে ক্রেতাদের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মাসিক বাজারের আয়োজন করা হয়েছে। শিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোং-এর উদ্যোগে বুধবার সকালে নাচনাপাড়া বাসন্তী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাসিক বাজার বসে।

আয়োজকদের নির্ধারিত প্যাকেজে মাত্র ১ হাজার ৬০ টাকায় মোট ৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। প্যাকেজে রয়েছে— ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ বক্স কয়েল, ৫০০ গ্রাম রসুন, ২ কেজি আলু, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ১২৫ গ্রাম ওজনের ১টি সাবান, ২০০ মিলিলিটার সরিষার তেল এবং ১ কেজি আটা।

আয়োজক মামুদ সিকদার দেওয়া হিসাব অনুযায়ী, এসব পণ্যের প্যাকেজ মূল্য ১ হাজার ৬০ টাকা, যেখানে বাজারমূল্য দেখানো হয়েছে ১ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ প্যাকেজটি বাজারদরের তুলনায় ৪১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে।

সকাল থেকেই সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে ক্রেতাদের ভিড় দেখা যায়। কথা হয় প্যাকেজ কিনতে আসা মোসাঃ নাসরিন, আলোয়, কোহিনুর, স্বজল পাল সহ অনেকের সাথে তারা বলেন আমার কম দামে মৃত্যু সামগ্রী পেয়ে অনেক খুশি এ ধরনের আয়োজন যেন সব সময় থাকে। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এছাড়া সবাই প্যাকেজের পণ্য সংগ্রহ করে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় ক্রেতারা জানান, চাল, তেল, আলু, রসুনসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য একসঙ্গে তুলনামূলক কম দামে কেনার সুযোগ পাওয়ায় তাদের উপকার হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য এ ধরনের উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে তারা মনে করেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করেই সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *