কার্নিভালে নিবন্ধন করেও সেবা না পাওয়ার অভিযোগ, ক্ষোভ প্রকাশ গণমাধ্যমকর্মী মিরাজের

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কুয়াকাটা পর্যটন কার্নিভালকে ঘিরে নিবন্ধন করেও প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। চৌরাস্তার ইনফরমেশন বুথে গিয়ে ফিরে আসছেন অনেকে। এ ছাড়া ৫০০ টাকা দিয়ে নিবন্ধন করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান মিরাজ।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কার্নিভাল কর্তৃপক্ষের উদ্দেশে মিরাজ লেখেন, “প্রিয় কার্নিভাল কর্তৃপক্ষ, কুয়াকাটাকে শেষ করে দিয়েন না।” পোস্টে তিনি আয়োজকদের কথা ও কাজের মধ্যে অসংগতির অভিযোগ তুলে ধরেন।

মিরাজের অভিযোগ, চৌরাস্তার ইনফরমেশন বুথে গিয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। ৫০০ টাকা দিয়ে নিবন্ধন করার পরও সংশ্লিষ্টদের নাগাল পাচ্ছেন না নিবন্ধনকারীরা। নিবন্ধনের টাকা কী কাজে ব্যয় করা হয়েছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

পোস্টে মিরাজ আরও উল্লেখ করেন, কুয়াকাটাকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সারা বছরের পরিশ্রম এ ধরনের অব্যবস্থাপনার কারণে বৃথা যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। পর্যটন কার্নিভালকে ঘিরে পর্যটকদের আগমন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনসংশ্লিষ্ট মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিবন্ধন, তথ্যসেবা ও আয়োজকদের সঙ্গে যোগাযোগের বিষয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে গণমাধ্যমকর্মী মিরাজের উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্নিভাল আয়োজক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি । নিবন্ধন ফি গ্রহণ, তথ্যকেন্দ্রের কার্যক্রম এবং নিবন্ধনকারীদের সেবা নিশ্চিত করার বিষয়ে আয়োজকদের স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *