উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বাকেরগঞ্জ -বরগুনা মহাসড়কের ছৈলাবুনিয়া জলিল মল্লিকের বাড়ির সামনে থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ভারসাম্যহীন ব্যক্তির নাম মো.মজিবর খন্দকার (৪০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মৃত সত্তার খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মজিবর খন্দকারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৮ বছর আগে তিনি মির্জাগঞ্জে আসেন। ছৈলাবুনিয়া ও কলেজ রোড এলাকায় তাকে বেশি দেখা যেত। শুক্রবার রাত তিনটা থেকে ভোর ছয়টার দিকে সম্ভবত কোন পরিবহনের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে তিনি নিহত হয়েছেন। পরে স্থানীয়রা তার লাশ সড়কে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, নিহত মজিবর খন্দকারের মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার ভোরে কোন পরিবহনের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে তিনি নিহত হয়েছেন। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




