উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো.আলিফ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.আলিফ হোসেন ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও মির্জাগঞ্জ ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামের মো. দুলাল আকনের ছেলে।
নিহতের পিতা দুলাল আকন ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
এ বিষয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জুয়েল হাওলাদার জানান,শুক্রবার বেলা একটার দিকে বন্ধুদের সাথে পায়রা নদীতে গোসল করতে যায় আলিফ। এ সময় সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাশে একটি ডোবার কচুরিপানার ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।




