মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলামের রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১০বস্তা (৫০০ কেজি) চাল একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিউমার্কেট বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির একটি ঘর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ চাল জব্দ করেন।
ডিলার মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোডাউনে চাল রাখার জায়গা সংকুলন না হাওয়ায় ওই বাড়িতে এ চালগুলো রেখিছিলাম।
এলাকাবাসীর অভিযোগ সরকার পরিবর্তনের পরে নতুন করে খাদ্যবন্ধন কর্মসূচির ১৫ টাকা ধরে কেজি চালের নিউমার্কেট বাজারে মোঃ শফিকুল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়া হয় । প্রথম কিস্তির মার্চ মাসের চাল রমজানের আগেই বিতরণ শেষ করার কথা। কিন্তু কিছু চাল বিতরণ না করে গত বৃহস্পতিবার গভীর রাতে নিউ মার্কেট বাজারের গোডাউন থেকে তিনি এ চাল ভ্যানে করে নিয়ে পাশের একটি বাড়িতে রাখেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনকে জানান।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার হাওলাদার,সাবেকছাত্রদল নেতা মহিউদ্দিন মোল্লা ও যুবদল নেতা মিজান বলেন, মার্চ মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অনেক উপকারভোগী কার্ড নিয়ে এসে ফেরত গেছে। চাল বিতরণ শেষ হওয়ার কথা রমজানের আগে। কিন্তু ডিলার শফিকুল ইসলাম খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের চাল না দিয়ে ১০ বস্তা চাল (৫০০ কেজি) বস্তা পরিবর্তন করে ওই বাড়িতে রাখে। এতেই বুঝা যায় সে চালগুলো আত্মসাৎ করতে চেয়েছিল।
মাধবখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিন চৌধুরী পাশা বলেন, নিউ মার্কেট বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর (১৫ টাকা কেজি চাল) ডিলার গাজী শফিকুল ইসলাম আত্মসাৎকৃত ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রশাসনের নিকট এ দুস্কৃতিকারী চক্রের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
চাল উদ্ধার করা ঘরের মালিক শাহিন হাওলাদারের স্ত্রী শেফালী বেগম বলেন, গত বৃহস্পতিবার রাত বারোটার দিকে শফিক দরজায় নক করে আমাদের ঘুম থেকে উঠায়। এরপর ১১বস্তা চাল আমাদের ঘরে রেখে যায়। কেউ জিজ্ঞেস করলে এগুলো ধানের বস্তা বলতে বলে। আমরা এ চালের বস্তা রাখতে রাজি হয়নি জোর করে আমাদের ঘরে রেখে যায়।
ট্যাগ অফিসার মোঃ শিউলি আক্তার বলেন, চাল উদ্ধারের বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজনের অভিযোগের ভিত্তিত্বে নিউমার্কেট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




