কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে গেজেট জালিয়াতি, রাসেলের ১ বছর কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএসের গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার হারুন অর রশিদের ছেলে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে। কুয়াকাটায় এসেও ওই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুক করেন তিনি। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার দুটি বিয়ে রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।

সূত্র জানায়, নিজের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ কাজে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে রাসেল জানিয়েছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
বিষয়টি প্রশাসনের নজরে এলে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *