কুয়াকাটায় উন্নয়নকাজ পরিদর্শন, নির্মাণের মান যাচাই করলেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। রোববার (৮ নভেম্বর) তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পৌর প্রশাসক কুয়াকাটা খানকায়ে রডের কার্পেটিং সড়কের নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় সড়কের স্থায়িত্ব ও নির্মাণের মান যাচাইয়ে কম্প্যাকশন পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে সড়কের বিভিন্ন স্তরের ঘনত্ব ও কাজের মান পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি নির্মাণে ব্যবহৃত উপকরণের মান বজায় রাখা এবং নির্ধারিত কারিগরি নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরে তিনি পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি দেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন সড়ক এবং পানজুপাড়ায় ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন পৌর প্রশাসক। ড্রেন নির্মাণের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও কারিগরি মান অনুসরণের তাগিদ দেন তিনি, যাতে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা কার্যকর হয়।

পরিদর্শনকালে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুয়াকাটার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থা আধুনিকায়ন এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের নির্মাণকাজে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উন্নয়নকাজের পাশাপাশি নির্মাণের মান নিশ্চিত করা গেলে কুয়াকাটাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পর্যটননগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *