রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ তিনজনের বিরুদ্ধে।
এ ঘটনায় লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন কলাপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।মামলা নং-২১। এজাহারে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা, মো. নাহিদ ইসলাম ও সাবিনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, লামিয়া কলাপাড়ার ম্যাক্স হসপিটালে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার সহকারী হিসেবে কর্মরত। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মোগলাই পৌঁছাতে দেরি হওয়াকে কেন্দ্র করে হাসপাতালের একটি কক্ষে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বুকের ডান পাশে গুরুতর জখম হয়। এ সময় তাঁর স্বর্ণের চেইন নিয়ে যাওয়া এবং মোবাইল ফোন ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।পরে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাদী মো. আলাউদ্দিন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।




