কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখা। প্রচারিত বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, হাজী মো. হুমায়ুন শিকদার উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য এবং কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তাঁকে জড়িয়ে যাচাই-বাছাইহীন ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তাঁর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করে সংগঠনটি।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার শুধু সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানি করে না, বরং সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ আলোচনার পরিবেশও ব্যাহত করে।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট সবাইকে যাচাইহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার, যেকোনো বক্তব্যের সত্যতা যাচাই করার এবং ব্যক্তিগত সম্মান ও সামাজিক শিষ্টাচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার পক্ষে প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. শাহবুদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। সংগঠনের দপ্তর সম্পাদকের পক্ষ থেকে প্রতিবাদলিপিটি প্রচার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *