কলাপাড়ায় নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুম ‘পায়রা’-তে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

অনুষ্ঠানে নির্যাতিত ও দুঃস্থ নারী এবং শিশুদের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান দেওয়া হচ্ছে। সরকারি এ সহায়তা তাদের প্রয়োজনীয় ব্যয় ও সংকট মোকাবিলায় কিছুটা সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *