বাংলা নববর্ষ: ঐতিহ্য, চেতনা ও নতুন সম্ভাবনার অঙ্গীকার

বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ—বাঙালির প্রাণের উৎসব। নতুন বাংলা বছর ১৪৩৩ বঙ্গাব্দের সূচনায় দেশজুড়ে যে উচ্ছ্বাস, তা কেবল উৎসবের আনন্দেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামষ্টিক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।

ভোরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে শুরু হওয়া এই দিনটি যেন নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। প্রকৃতির মায়াময় রূপ, পাখির কলতান, রঙিন ফুল আর রোদঝলমলে সকাল—সব মিলিয়ে বৈশাখের প্রথম প্রভাত বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে নতুন আশার সঞ্চার। এই রঙ ছড়িয়ে পড়ে মানুষের পোশাকে, মুখে এবং মনেও।

তবে এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রত্যাশাও স্পষ্ট—অশান্তি ও হিংসার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠুক দেশ, সাধারণ মানুষ ফিরে পাক স্বস্তির জীবন। নববর্ষের এই বার্তা হোক মানবিকতা, সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক।

বাংলা নববর্ষের ইতিহাস গভীরভাবে জড়িত আমাদের কৃষিভিত্তিক সমাজব্যবস্থার সঙ্গে। একসময় এটি ছিল ঋতুভিত্তিক আর্তব উৎসব। পরবর্তীতে মোঘল সম্রাট আকবরের শাসনামলে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে চালু হয় বাংলা সন, যা প্রথমদিকে “ফসলি সন” নামে পরিচিত ছিল। সেই ধারাবাহিকতায় নববর্ষ হয়ে ওঠে অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

নববর্ষের অন্যতম ঐতিহ্য ‘হালখাতা’—ব্যবসায়ীরা পুরনো হিসাব-নিকাশ শেষ করে নতুন খাতা খোলেন এবং খদ্দেরদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। এই প্রথা আজও গ্রাম থেকে শহর—সবখানেই পালিত হয়ে আসছে, যা বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

সময়ের বিবর্তনে পহেলা বৈশাখ কেবল কৃষি বা অর্থনৈতিক উৎসবেই সীমাবদ্ধ থাকেনি; এটি বাঙালির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদের উত্থানে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ছায়ানট-এর উদ্যোগে রমনা বটমূলে বর্ষবরণ আয়োজন এই উৎসবকে নতুন মাত্রা দেয় এবং নাগরিক জীবনে এর বিস্তার ঘটায়।

পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট-এর উদ্যোগে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা আজ বাঙালির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। ২০১৬ সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করে, যা আমাদের সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতির এক গৌরবময় দৃষ্টান্ত।

সবশেষে বলা যায়, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ও সামষ্টিক চেতনার শক্তিশালী প্রতীক। এই দিনে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হই—সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়ার।

নতুন বছর বয়ে আনুক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি—এই প্রত্যাশাই হোক পহেলা বৈশাখের প্রকৃত বার্তা।

মোহাম্মদ নুরুজ্জামান 

প্রকাশক ও সম্পাদক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *