উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিশেষ বরাদ্দের চাল(জিআর) বিতরণ করা হয়েছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের ৩০০টি অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
মাধবখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক মো. পলাশ হাওলাদার এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনির খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় সংসদ সদস্য মহোদয় অত্র এলাকার জন্য ১৫ টন চাল বিশেষ বরাদ্দ এনেছেন। যার মধ্য থেকে প্রথম পর্যায়ে আজ মাধবখালী ইউনিয়নের দুস্থদের মাঝে ৩ টন চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। বাকি চালও পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকার অসহায় মানুষের মাঝে বণ্টন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের এই অর্থনৈতিক পরিস্থিতিতে পবিত্র ঈদের আনন্দ যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এ বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




