রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর সভার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সভা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে গত ৫ অক্টোবর পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত নোটিশে এ শোকজ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে সভা চলাকালে সাবিনা ইয়াসমিন সাংগঠনিক নিয়মকানুন উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয় এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে।
এ অবস্থায় নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা মহিলা দলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
জানা গেছে, নোটিশের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সাবিনা ইয়াসমিনের বক্তব্য জানা যায়নি।
এ বিষয় পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা রুমা বলেন, সংগঠন পরিপন্থী বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে শোকজ করা হয়েছে।




