রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর দলীয় পদ স্থগিত করা হয়েছে। তবে তার পদে এখন পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর দলীয় পদ স্থগিত করা হয়েছে। তবে তার স্থগিত পদে নতুন কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে চুন্নুর পদ স্থগিতের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মুজিবুর রহমান টোটন বলেন, “কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হয়েছে। তবে কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের ভিত্তিতে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের বিষয়ে দায়িত্বশীল ও অনুমোদিত সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
এদিকে, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে নতুন কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি—জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।




