মির্জাগঞ্জে ইয়াবাসহ সুজন কাজী গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী এলাকায় বরগুনা-বরিশাল মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সুজন কাজী (২১), পিতা-মৃত আলতাফ কাজী এবং মোঃ ফয়সাল আহম্মেদ (২৩), পিতা-মোঃ ফরুক হাওলাদার। তারা দুজনই মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট রাত্রীকালীন ডিউটি, বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে পশ্চিম সুবিদখালী সাকিনস্থ আকন বাড়ির সামনে বরগুনা-বরিশাল মহাসড়কের ওপর দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে তাদের দখল থেকে মোট ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে সুজন কাজীর কাছ থেকে ৫ পিস এবং ফয়সাল আহম্মেদের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম জব্দ তালিকা অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেন।

এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১১, তারিখ ২৩ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর ১১৩।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মির্জাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *