রাসেল মোল্লাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবার ৬২ বছরে পদার্পণ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, কারাবরণ ও প্রায় ১৭ বছরের প্রবাসজীবন পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি। ফলে এবারের জন্মদিন তাঁর রাজনৈতিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে।
তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ওই বছর তিনি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
এদিকে জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এবার কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। দলীয় নেতাকর্মীদের জন্মদিনে কেক কাটা, পোস্টার-ব্যানার ও আনুষ্ঠানিক উদ্যাপন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজনের কথা জানা গেছে।
রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে দেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই প্রথম জন্মদিনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।




