পটুয়াখালীতে নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে তাঁদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।

এ ব্যাচে পেশাগত দক্ষতাসহ সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হয়েছেন মো. সেজান মাহমুদ। তিনি পেয়েছেন ‘নৌপ্রধান পদক’। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় সদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গঠনে নবীন নাবিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়ে তাঁরা পেশাগত জীবনে যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *