রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): কখনো নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল, কখনো বিসিএস ক্যাডার কর্মকর্তা, আবার কখনো ম্যাজিস্ট্রেট—এমন নানা পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে সফিকুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সর্বশেষ বুধবার রাতে পটুয়াখালীর চৌরাস্তা এলাকার টোল প্লাজার সামনে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সফিকুল ইসলাম বিশ্বাস বিভিন্ন সময়ে নিজেকে ভিন্ন ভিন্ন পরিচয়ে উপস্থাপন করেছেন। কখনো নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল আবার কখনো বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতে পটুয়াখালী চৌরাস্তা এলাকার টোল প্লাজার সামনে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগ ওঠার পর তাঁর এসব পরিচয়ের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযুক্ত সফিকুল ইসলাম বিশ্বাসের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম ইজাজ বিশ্বাস। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো সরকারি কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট না । একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অফিস আদালতে ও সাধারণ মানুষের কাছে তিনি পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিতেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের প্রকৃত সত্যতা উদ্ঘাটনে তাঁর পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।




