রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার খালের নাব্যতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো জেলে ও মৎস্য ব্যবসায়ী। পলি জমে খালটির বিভিন্ন স্থানে ডুবোচর সৃষ্টি হয়েছে। এতে সমুদ্র থেকে মাছ নিয়ে ঘাটে ফিরতে গিয়ে প্রায়ই আটকে পড়ছে মাছধরা ট্রলার। সময়মতো মাছ বাজারে পৌঁছাতে না পারায় লোকসান গুনছেন জেলেরা।ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্যবাজারের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা।
স্থানীয় জেলেদের অভিযোগ, ভাটার সময় খালের অনেক অংশ শুকিয়ে যায়। ফলে ট্রলার চলাচল ব্যাহত হয়। ঝড় বা সাগর উত্তাল হলে নিরাপদ আশ্রয়ের জন্য খালে প্রবেশ করতেও সমস্যায় পড়েন তাঁরা।
জেলে সোবহান সিকদার বলেন, ডুবোচরে ট্রলার আটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে মাছ পচে যায়, আবার অনেক সময় কম দামে বিক্রি করতে হয়। আড়তদার ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছ বেচাকেনা হয়। খালটি দ্রুত খনন করা না হলে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন।
ব্যবসায়ী হাজী মাসুদ বলেন, খালের নাব্যতা না থাকায় অনেক জেলেকে বিকল্প ঘাটে যেতে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হচ্ছে। কেউ কেউ মাথায় করে মাছ পরিবহন করছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী বলেন, নাব্যতা-সংকট ও ডুবোচরের কারণে ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।




