কুয়াকাটা পৌর বাস টার্মিনালে নিরাপত্তা জোরদারে পৌর প্রশাসকের বিশেষ উদ্যোগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ দেশের বিভিন্ন স্থানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটননগরী কুয়াকাটার পৌর বাস টার্মিনালে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টার্মিনালে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা সুপারভাইজার ইউসুফ হাওলাদারের নেতৃত্বে পৌরসভার কর্মীরা বাস টার্মিনালে দায়িত্ব পালন করছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, বাস টার্মিনালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে প্রতিদিন রাতে ও দিনের নির্ধারিত সময়ে পৌরসভার কর্মীরা টার্মিনালে পাহারার দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে বাস টার্মিনালে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে পরিবহনশ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে এবং টার্মিনালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও যাত্রীর যাতায়াত রয়েছে। তাই বাস টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় পৌর প্রশাসক ইয়াসীন সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসক ইয়াসীন সাদেক এর উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে কুয়াকাটা পৌর বাস টার্মিনাল আরও নিরাপদ ও সুশৃঙ্খল হয়ে উঠবে। পর্যটননগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *