রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে একটি আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপককে মারধর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ খাবার হোটেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটা গ্র্যান্ড প্লাসিড আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপক হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি পণ্য কুয়াকাটার একটি দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। বিভিন্ন সময়ে পণ্য কেনার কারণে ওই দোকানে ১৩ হাজার টাকা বকেয়া হয়। মামুনের দাবি, ঘটনার তিন-চার দিন আগে দোকানদার শাহ আলম হাওলাদারকে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। এতে বকেয়া থাকে তিন হাজার টাকা। এ টাকা নিয়ে হিসাবের কাগজপত্র দেখতে চাইলে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে হোটেলের অতিথিদের জন্য খাবার কিনতে মেরিন ভিউ খাবার হোটেলে যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে দেখা হলে বকেয়া টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম তাঁকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে শাহ আলমসহ আরও তিনজন তাঁর ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় মোবাইল ফোন ও খাবার হোটেলের টিস্যু বক্সের হোল্ডার দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম এবং কপালের ডান পাশে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামুনের অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁর কাছে থাকা হোটেলের বাজার করার নগদ ২০ হাজার টাকা নিয়ে যান শাহ আলম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় শাহ আলম হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, রাজ্জাক ও খলিল দফাদারের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মামুন গাজী। অভিযুক্ত শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি এবং কুয়াকাটা পৌরসভার মেয়র পদপ্রার্থী।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার মারামারির ঘটনা স্বীকার করেছেন। তবে এ ঘটনায় তাঁকেও লাঞ্ছিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।




