কলাপাড়ার বাছাইকৃত ১৪ ছানি রোগীর চোখের অপারেশন সম্পন্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে কলাপাড়া থেকে বাছাইকৃত ১৪ জন ছানি রোগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (৫ অক্টোবর) পটুয়াখালী শহরের বিএনএসবি চক্ষু হাসপাতালে এ অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত শনিবার (৩ অক্টোবর) কলাপাড়ায় বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালী ও কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদারের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চোখের চিকিৎসা নিতে আসেন।

ক্যাম্পে চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। পরে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ(সোমবার)১৪ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশনের সময় রোগীদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক নূরে আলম মুরাদ। অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী চিকিৎসাসেবা সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

চোখের অপারেশনের সুবিধাভোগী রোগীরা বলেন, অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয় না। বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি অপারেশনের সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তারা রিমন সিকদার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কলাপাড়ার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনের এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার উদ্যোগ থাকবে। এতে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত রোগীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *