রাসেল মোল্লা, কলাপাড়াঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের স্বস্তি দিতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া রুবান-সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবুল হাসনাত রিমন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. আকবর হোসেন, সদস্যসচিব মো. আরিফ শিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, যুবদল নেতা সজল বিশ্বাস ও মৎস্যজীবী দলের নেতা মো. ফকরুল ইসলামসহ অন্যরা।
কোম্পানি সূত্রে জানা গেছে, ১০০ টাকায় নিবন্ধন করে একটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ দুই বছর প্রতি মাসে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা। পণ্যের মধ্যে রয়েছে চাল, গরুর মাংস, লবণ, তেল, আটা, ডাল, সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন সামগ্রী। উদ্যোক্তাদের দাবি, ২ হাজার ৫০০ টাকার এসব পণ্য বাজারদরের তুলনায় কম মূল্যে পাওয়া যাবে।
রিমন শিকদার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম চলছে। আগামীকাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারী এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, সাধারণ মানুষের বাজার খরচ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো সাড়া পেলে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।



