কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। তাঁদের ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বালিয়াতলী ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, ছড়িয়ে পড়া ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা স্থানীয়ভাবে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন তাঁরা। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই দুই নেতা মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকতে পারেন । তাই ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযুক্ত দুই নেতার বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ঢালী রুহুল আমিন অভি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, অভিযোগের বিষয়টি তাঁদের নজরে এসেছে। সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অল্প সময়ের মধ্যেই তাঁকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা জানান।

এ ঘটনায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের হস্তক্ষেপ, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *