রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা বাড়িয়েছে থানা পুলিশ। কলাপাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় নিয়মিত টহল ও মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কলাপাড়ার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীদের পোস্টারিংয়ের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দলকে টহল দিতে দেখা যায়। এ সময় পুলিশ সদস্যরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাফেরা করতে পারেন, সে জন্য পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযানও অব্যাহত থাকবে।’
এদিকে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাঁদের মতে, পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।




