রাসেল মোল্লাঃ জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরীচ্যুত হন। এরপর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই রাতে অফিসে এসে কিছু সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে তালাবদ্ধ।
পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকালে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।




