রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আবুবক্কর (২৫) নামের এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। একই দিন মাদক সেবনের দায়ে রাকিব মৃধা (২৯) নামের অপর এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাবলাতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। অভিযানে তাঁকে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস দল।
আটক আবুবক্কর ধুলাসার ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
আটক আবুবক্করের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত লালুয়া ইউনিয়নের ২ নম্বর আবাসনের বাসিন্দা ইজাজের বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন।




