রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. সাদ্দাম সিকদার (৩২) কুয়াকাটা পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিপুর থানার মামলা নম্বর-১৭ (তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ নভেম্বর রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার সাদ্দাম সিকদার পশ্চিম কুয়াকাটা গ্রামের মো. লতিফ সিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা পুলিশ।




