যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘থ্যাংকসগিভিং ডে’ (Thanksgiving Day)। প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দেশটিতে দিবসটি উদযাপন করা হয়।
দিনটি মূলত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং জীবনের প্রাপ্তির জন্য ধন্যবাদ জানানোর একটি বিশেষ উপলক্ষ।
থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে পরিবার ও বন্ধুদের মিলনমেলা বসে। ঘরে ঘরে বিশেষ খাবারের আয়োজন করা হয়। টার্কি, পাম্পকিন পাইসহ নানা ঐতিহ্যবাহী খাবার এ উৎসবের অন্যতম আকর্ষণ।
দিবসটি ঘিরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভালোবাসা, সম্প্রীতি, শান্তি ও আনন্দের বার্তা। প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েও অনেকে দিনটি উদযাপন করে।




