রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা কলাপাড়ায় শান্তিতে বসবাস করতে চাই। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি ও মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদারসহ স্থানীয় নেতারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহসভাপতি ইমরান বিশ্বাস ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমান।
সমাবেশ সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন ও সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।
এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




